রাজধানীর মোহাম্মদপুরে পোষা বিড়ালকে নিষ্ঠুরভাবে পিটিয়ে ও লাথি মেরে হত্যার দায়ে আকবর হোসেন শিবলু নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরবর্তীতে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি লাথি মারছেন এবং বিড়ালটি নিথর হয়ে পড়ার পরও পা দিয়ে পিষ্ট করে তার মৃত্যু নিশ্চিত করেন। এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি 'পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ার'-এর পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আদালতে মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার পর মোহাম্মদপুর থানা পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়। মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় প্রদান করা হলো।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এই কারণে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। উল্লেখ্য, গত ২ ডিসেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছিল এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই দণ্ডাদেশ প্রদান করেন।
ডিবিসি/আরএসএল