ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা একযোগে বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে জেলাজুড়ে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ১১ দলীয় জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের সাঙ্গে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা ও উপজেলা সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপির এই নিরঙ্কুশ জয়ের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মৌলভীবাজার-১: এ আসনে মোট ১১৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন আহমেদ মিঠু (ধানের শীষ) ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট।
মৌলভীবাজার-২ (কুলাউড়া): কুলাউড়া উপজেলার ১০৩টি কেন্দ্রের সবকটিতে প্রাপ্ত ফলে বিএনপির প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু (ধানের শীষ) ৬৭ হাজার ৭২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫১ হাজার ১৫৩ ভোট।
মৌলভীবাজার-৩: জেলার সবচেয়ে বড় এই আসনে ১৭৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী নাসের রহমান (ধানের শীষ) ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল মন্নান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট।
মৌলভীবাজার-৪: এ আসনে ১৬৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী (রিকশা) পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।
উল্লেখ্য, জেলার ইতিহাসে এবারই প্রথম কোনো একটি দল সবকটি আসনে একযোগে জয়লাভ করার কৃতিত্ব দেখাল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
ডিবিসি/এসএফএল