মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবস্থিত দুর্গম হামহাম জলপ্রপাতে ঘুরতে গিয়ে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সমন্বয়ে গঠিত যৌথ একটি দল সোমবার (২০ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
জানা যায়, এদিন সকালে ১০ শিক্ষার্থীর ওই দলটি হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। দুর্গম ও পিচ্ছিল পাহাড়ি পথ পাড়ি দেওয়ার সময় তাদের মধ্যে একজন পা পিছলে পড়ে যান এবং হাতে গুরুতর আঘাত পান। আহত সঙ্গীকে নিয়ে ওই দুর্গম পথ বেয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
এরপর বিকেল ৩টার দিকে ৯৯৯ থেকে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে এবং স্থানীয়দের সহায়তায় গহীন অরণ্যে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে বিকেল ৫টার দিকে আটকে পড়া ১০ শিক্ষার্থীকেই নিরাপদে লোকালয়ে ফিরিয়ে আনা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃতদের মধ্যে আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি ৯ জন সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন। তিনি দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সবসময় সতর্ক থাকা ও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে পড়লে কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্যও তিনি পর্যটকদের প্রতি আহ্বান জানান।
ডিবিসি/এমএনকে