বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারে এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ইস্যুতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মৌলভীবাজার শহরতলীর দুসাই রিসোর্টে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়াও উপস্থিত ছিলেন।


বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিদ্যমান সম্প্রীতির অবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই ভারতীয় কূটনৈতিক প্রতিনিধিরা এই সফরে আসেন। বিশেষ করে মৌলভীবাজার অঞ্চলের বড় একটি অংশ জুড়ে থাকা চা-বাগানের শ্রমিকদের জীবনমান, সামাজিক নিরাপত্তা ও তাদের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে বিস্তারিত আলাপ হয়।


বৈঠক শেষে এম নাসের রহমান জানান, চা-শ্রমিকদের টেকসই কল্যাণের লক্ষ্যে তিনি জাতীয় সংসদে একটি বিশেষ বিল উত্থাপনের পরিকল্পনা করছেন। তাঁর এই উদ্যোগের কথা শুনে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।


সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতের কিছু সংবাদমাধ্যমে হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে ধরনের ভীতিকর পরিস্থিতি ও অপপ্রচার চালানো হয়েছিল, বাস্তবে তার কোনো ভিত্তি ছিল না। সেসব খবর ছিল সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।


বৈঠকে উভয় পক্ষই প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন