মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা আকল মিয়া (৮৮) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বড়ভাই শহিদুর মিয়া (৪৫)।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে দুপুরে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মশিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তার বাবার ডান পাঁজরের নিচে আঘাত করেন। এ সময় বড় ভাই শহিদুর মিয়া বাবাকে বাঁচাতে এগিয়ে এলে মশিক তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত মশিক মিয়া ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এসএফএল