বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারে ডাকাতের গুলিতে ডাকাত গুলিবিদ্ধ, অস্ত্রসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালানোর সময় ডাকাত দলের ছোড়া গুলিতে তাদেরই এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আটক হয়েছে।

আটক ডাকাতের নাম সৈয়দ শামসুর রহমান ওরফে আতিক। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাউরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে আশপাশের গ্রাম থেকেও শত শত মানুষ জড়ো হয়ে ডাকাত দলকে ধাওয়া দেয়। এ সময় ডাকাতরা আতঙ্কিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে জনতার দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে তাদেরই সহযোগী আতিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে আটক করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।


খবর পেয়ে শেরপুর পুলিশ ফাঁড়ি ও সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় ওই ডাকাতকে উদ্ধার করে। পুলিশ জানায়, প্রথমে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পুলিশ প্রহরায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন