মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাউছার মিয়া (৩২), জসিম মিয়া (৩৫), দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬), মো. সালাউদ্দিন (২৯), রেজাউল ইসলাম মামুন (২৮)। শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে কাউছার, জসিম, সালাউদ্দিন ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি কাটার, একটি সুইচ গিয়ার ছুরি, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পরে এই অভিযানের ধারাবাহিকতায় থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল পৃথক অভিযান চালায়। অভিযানে মৌলভীবাজার সদর হাসপাতাল রোড এলাকা থেকে এই ডাকাত চক্রের অন্যতম হোতা দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবিসি/এসএফএল