বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারে তরুণদের উদ্যোগে ৭০ নিম্ন-মধ্যবিত্ত পরিবার পেল কোরবানির মাংস

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন একদল তরুণ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘মধ্যবিত্তের কোরবানি’ নামের এই মানবিক উদ্যোগের মাধ্যমে জেলার প্রায় ৭০টি অসহায়, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে কোরবানির মাংস পৌঁছে দিয়েছেন তারা।

আয়োজকরা জানান, ঈদের দ্বিতীয় দিন জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে এই কোরবানি সম্পন্ন করা হয়। সমাজে এমন অনেক পরিবার রয়েছে যারা আর্থিক সংকটের কারণে কোরবানিতে অংশ নিতে পারে না, আবার আত্মসম্মানবোধের কারণে কারও কাছে সাহায্যও চাইতে পারে না। মূলত ওইসব পরিবারের কথা বিবেচনা করেই তাদের এই উদ্যোগ।

 

জানা যায়, কোনো সংগঠনের ব্যানার ছাড়াই গত ৬-৭ বছর ধরে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন সৈয়দ ফজলে রায়হান নোহাস, ইমদাদুল হক মিলন, কামরুল ইসলাম, মুক্তাদির তালুকদার, মহসিন আহমেদ রাজ, তাহফিম আহমেদ, সৈয়দ মাজহারুল ইসলাম কাসেম, সৈয়দ আজহারুল ইসলাম, আবু সায়েদ তানজিম ও শেখ জাহিদসহ কয়েকজন তরুণ। 

 

এর আগে চলতি রমজানের শুরুতে তারা ৫ টাকা কেজি দরে সবজি বিক্রি এবং ঈদুল ফিতরের আগে মাত্র ১০ টাকার বিনিময়ে খাদ্যসামগ্রী সম্বলিত ‘ঈদ বাজার’ কর্মসূচি পরিচালনা করে স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

 

এই উদ্যোক্তাদের একজন ইমদাদুল হক মিলন জানান, উপকারভোগীদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে তারা কখনোই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি বা পরিচয় প্রকাশ করেন না। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন