পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন দেরি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবলের। এরই মাঝে শুরু হয়েছে পছন্দের দলকে নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা। ঘটছে ব্যাতিক্রম সব ঘটনাও।
শনিবার (৬ জুন) এমনই এক কাণ্ড ঘটিয়েছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার ব্রাজিলের এক সমর্থক।
ছিলেন ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপে একের পর এক পরাজয়ে মনে ভরকরে হতাশা। সেই থেকে সমর্থন ছাড়ার চিন্তা। অবশেষে সমর্থন ছেড়ে শুরু করলেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলের সমর্থন। আর আর্জেন্টিনা সমর্থকরা তাকে বরণ করে নিলেন দুধ দিয়ে গোসল করিয়ে।
আর্জেন্টিনা সমর্থক হিসেবে যোগ দেয়া ইমরান খান জানান, বুক ভরা আশা নিয়ে প্রত্যেকবার ব্রাজিলকে সমর্থন জানান তিনি। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও সাফল্যের মুখ দেখছে না তার এক সময়ের প্রিয় ব্রাজিল। দীর্ঘদিন ধরে হতাশ তিনি। আর সেই হতাশা থেকে যোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক শিবিরে।
আর্জেন্টিনা দলকে শুভ কামনা জানিয়ে দিনভর মৌলভীবাজারের রাজনগরে নানা আয়োজন করে আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার। সকালে কেক কেটে আর্জেন্টিনা দলের জন্য শুভ কামনা জানান ভক্তরা। পরে বাদ্য বাজিয়ে র্যালি করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা। নেচে গেয়ে নানাভাবে সেলিব্রেশন করেন তারা।
আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের এডমিন ফুয়াদ আহমদ মুরাদ জানান, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বসিত। প্রিয় দলের জন্য শুভ কামনা জানিয়ে তাদের এ আয়োজন। তবে এবারের আয়োজনে সবচেয়ে ব্যাতিক্রম ছিল একজন ব্রাজিল ফ্যান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন।
৪ বছর পর ১১ জুন পর্দা উঠছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবলের। এর আগেই শুরু হয়েছে উন্মাদনা। কোন দলের হাতে উঠবে এবারের বিশ্বকাপ সমর্থকদের সে অপেক্ষা থাকবে ১৯ জুলাই পর্যন্ত।
ডিবিসি/এইচএপি