মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৯) নামের এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত রিপন মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে। জানা যায়, গত সোমবার রাত থেকেই রিপন নিখোঁজ ছিলেন।
পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে মঙ্গলবার রাতে চকসালন এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
ডিবিসি/আরএসএল