মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ পচা খাসির মাংস বিক্রির দায়ে ‘হৃদয় মিট হাউস’ নামের একটি মাংসের দোকান বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২ মার্চ) অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকিমূলক অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে পশ্চিম বাজার এলাকায় অভিযান চালানোর সময় ‘হৃদয় মিট হাউস’ নামের দোকানটিতে বিক্রির জন্য রাখা খাসির মাংসের অস্বাভাবিক রং এবং তীব্র দুর্গন্ধ লক্ষ্য করেন কর্মকর্তারা। মাংসটি পচা বলে সন্দেহ হওয়ায় তাৎক্ষণিকভাবে ল্যাব পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষায় মাংসটি পচা এবং পুরোপুরি খাওয়ার অনুপযোগী বলে নিশ্চিত হওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকির মুখে ফেলে পচা মাংস বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
জব্দকৃত পচা মাংসগুলো উদ্ধার করে জনসম্মুখে মাটির নিচে পুঁতে ফেলা হয়। জনস্বার্থ রক্ষায় বাজার তদারকিমূলক এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ডিবিসি/এএমটি