প্রতিপক্ষ চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে সাড়ে তিন বছরের নিজ শিশুকন্যা রুনা বেগমকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের শরীফ আলী তার প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে তিনি মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় নিজের সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন। এ ঘটনার পর নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে কমলগঞ্জ থানায় স্বামী শরীফ আলীকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতে নিজ শিশু সন্তানকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন পিতা।
চাঞ্চল্যকর এই শিশু হত্যাকাণ্ডের দীর্ঘ ১২ বছর পর সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেন। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ ২য় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তোফায়েল আহমদ আসামির মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিসি/আরএসএল