বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষক ও রাবার বাগানে শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক রাবার বাগান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মে) দুপুরে বৃষ্টি ও তীব্র বজ্রপাতের সময় এই জোড়া প্রাণহানির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজার জেলায় থেমে থেমে বৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে থাকে। এ সময় রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে মাঠে ধান কাটার কাজ করছিলেন ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে কৃষক তালেব মিয়া (৪০)। 

 

কাজের একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বজ্রপাতে কৃষক তালেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অন্যদিকে, একই সময়ে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে একটি রাবার বাগানে কাজ করছিলেন দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা শ্রমিক স্বপন মুন্ডা। সেখানে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। 

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমির আলী জানান, রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাতেই স্বপন মুন্ডার মৃত্যু হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন