বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের আরও এক সঙ্গী। রবিবার (২৮ জুন) বিকেলে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। তারা দুজন একে অপরের বন্ধু ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা শহিদ আলীর ছেলে সাব্বির (২৫)।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে ওই তিনজন মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলের দিকে আসছিলেন। পথিমধ্যে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হানিফ পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীই গুরুতর আহত হন। 

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও থানা হেফাজতে রয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন