মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের পোষা গরুর আক্রমণে মো. কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে কালাম মিয়া প্রতিদিনের মতো মাঠ থেকে গরু আনতে যান। এ সময় গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং একপর্যায়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। গরুটি কালাম মিয়ার দিকে তেড়ে আসে এবং সজোরে শিং দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডিবিসি/কেএলডি