মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। বিজিবি সূত্রে জানা যায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান এবং পরবর্তীতে সেখানে নাগরিকত্ব গ্রহণ করেন। ভারতে অবস্থানকালেই তিনি দেশটির আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার লালা গ্রামের বাসিন্দা হুসনাকে বিয়ে করেন।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দম্পতি স্বীকার করেছেন যে তারা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/এসএফএল