বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারে সৌদি ফেরত ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের জুড়ীতে বসতঘর নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান মিয়া (৭০) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়েজ মিয়া (২৭) পলাতক রয়েছেন। তিনি সৌদি আরব প্রবাসী এবং কয়েকদিন আগেই দেশে ফিরেছিলেন।

শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখায় শনিবার (২৭ জুন) বিকেলে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ফয়েজ মিয়া গত ২৪ জুন সৌদি আরব থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই বসতঘর নিয়ে বাবার সঙ্গে তার বিরোধ চলছিল। শুক্রবার রাতে এই বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজ মিয়া ঘরে থাকা একটি কুড়াল দিয়ে বাবা সুলতান মিয়ার মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্ত ফয়েজ মিয়া হাসপাতালেই বাবার মরদেহ রেখে পালিয়ে যান।

 

ঘটনার পর রাতে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশের কাছে গোপন রাখেন। পরে শনিবার দুপুরে নিহতের আরেক ছেলে শাহেদ মিয়া পুলিশকে জানালে পুলিশের একটি দল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে শাহেদ মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন