মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালটি হামলা ও ভাঙচুরের ঘটনায় টানা ১৫ দিন ধরে বন্ধ রয়েছে। এতে লক্ষাধিক চা শ্রমিক ও তাদের পরিবার চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।
গত ২৭ মার্চ সপ্তম শ্রেণির ছাত্রী ঐশি রবিদাসের মৃত্যুকে কেন্দ্র করে এই পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ ওঠে, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। এরপরই একটি সংঘবদ্ধ দল হাসপাতালে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এই ঘটনার জেরে গত ১৫ দিন ধরে হাসপাতালটির সব ধরনের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।
ইংল্যান্ডভিত্তিক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত এই হাসপাতালটি একসময় এই অঞ্চলের চা শ্রমিকদের একমাত্র ভরসাস্থল ছিল। দীর্ঘদিন ধরে হাসপাতালটি ডানকান ব্রাদার্সের অধীনস্থ ১৫টি চা বাগানের শ্রমিকদের চিকিৎসাসেবা দিয়ে আসছিল।
হাসপাতাল বন্ধ থাকার কারণে সৃষ্ট দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকির কথা জানিয়েছেন হাসপাতালের কর্মচারী ও চিকিৎসা নিতে আসা নারী চা শ্রমিকরা। এ বিষয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেছেন স্থানীয় চা শ্রমিক নেতা সীতারাম বিন এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী।
ভুক্তভোগী চা শ্রমিকরা বলছেন, ঘটনার তদন্ত দ্রুত শেষ করে হাসপাতালটি পুনরায় চালু না করলে হাজারো শ্রমিক মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন।
ডিবিসি/আরএসএল