মাঠে খেলতে খেলতে জ্ঞান হারানো কিংবা অসুস্থ হয়ে পড়ার ঘটনা ফুটবল বিশ্বে নতুন নয়। তবে এবার সেই ঘটনা রূপ নিল মর্মান্তিক ট্র্যাজেডিতে। পর্তুগালের একটি স্থানীয় ম্যাচ চলাকালে মাঠে অসুস্থ হয়ে মারা গেছেন ২৫ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার কেভিন ক্যাস্ত্রো।
ক্যাস্ত্রো খেলতেন রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে। শনিবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল এস্ত্রেলা দা আমাদোরা।
ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন এই তরুণ মিডফিল্ডার। সঙ্গে সঙ্গে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন চিকিৎসকেরা। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয় ক্যাস্ত্রোকে। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চলতি মৌসুমেই পর্তুগালের তৃতীয় স্তরের দল রিয়াল স্পোর্ট ক্লাবে যোগ দিয়েছিলেন ক্যাস্ত্রো। এর আগে তাঁর ক্যারিয়ারের বড় একটি সময় কেটেছে ইংল্যান্ডে। ২০২১ সালে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের হয়ে মূল দলে অভিষেক হয় তাঁর। ক্লাবটির সিনিয়র দলের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি।
আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচ দিয়ে ওয়েস্টব্রমের মূল দলে অভিষেক হয় ক্যাস্ত্রোর। পরে সোয়ানসি সিটির বিপক্ষেও মাঠে নেমেছিলেন এই ফুটবলার।
ক্যাস্ত্রোর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাঁর সাবেক ক্লাব ওয়েস্টব্রম। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে চ্যাম্পিয়নশিপে বার্নলির বিপক্ষে ম্যাচের ২৫তম মিনিটে এক মিনিট করতালি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ম্যাচে ওয়েস্টব্রমের খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
মাত্র ২৫ বছর বয়সে ক্যাস্ত্রোর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর বর্তমান ও সাবেক ক্লাবসহ পর্তুগিজ ফুটবল অঙ্গনে।
ডিবিসি/ আরএফই