খেলাধুলা, ফুটবল

ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে উত্তেজিত নেইমার, বাড়ছে নিষেধাজ্ঞার শঙ্কা

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। কোপা দো ব্রাজিলে রেমোর বিপক্ষে সান্তোসের জয় উদযাপনের পর ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনার জেরে এবার বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন তিনি।

ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে সংঘটিত হাতাহাতির ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে ‘সুপিরিয়র ট্রাইব্যুনাল অব স্পোর্টস জাস্টিস’ (এসটিজেডি)। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের বিষয়টি বিবেচনা করছেন। একই ঘটনায় কয়েকজন খেলোয়াড়ের পাশাপাশি ক্লাব হিসেবে রেমোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

ব্রাজিলিয়ান কোড অব স্পোর্টস জাস্টিসের ২৫৮ নম্বর ধারা অনুযায়ী, শৃঙ্খলাবিরোধী বা ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ আনা হলে নেইমার ১ থেকে ৬ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। যদিও ম্যাচের রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো তার অফিসিয়াল প্রতিবেদনে ঘটনাটির উল্লেখ করেননি, তবুও ভিডিও প্রমাণের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

 

ম্যাচের শেষ বাঁশি বাজার পরই ঘটনার সূত্রপাত। এর আগে ওয়ার্মআপের সময় থেকেই স্বাগতিক সমর্থকেরা নেইমারকে লক্ষ্য করে বিদ্রূপাত্মক স্লোগান দেন। ১-০ ব্যবধানে জেতা ম্যাচে সান্তোসের একমাত্র গোলটিতে অ্যাসিস্ট করা নেইমার মাঠ ছাড়ার সময় গ্যালারির দিকে ফ্লাইং কিস ছুড়ে দেন।

 

তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, তদন্তের মূল বিষয়টি ঘটেছে ড্রেসিংরুমে যাওয়ার টানেলে। সেখানে নেইমার প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশে উচ্চস্বরে উসকানিমূলক মন্তব্য করেন এবং বিজয় উদযাপনের সময় উত্তেজনাপূর্ণ আচরণ করেন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই ক্লাব কর্মকর্তারা তাকে দ্রুত ড্রেসিংরুমে নিয়ে যান।

 

অন্যদিকে, রেমোও শাস্তির ঝুঁকিতে রয়েছে। ব্রাজিলিয়ান কোড অব স্পোর্টস জাস্টিসের ২১৩ নম্বর ধারা অনুযায়ী, দর্শক বিশৃঙ্খলা, মাঠে অনুপ্রবেশ কিংবা বস্তু নিক্ষেপ ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এ ছাড়া ১৯১ নম্বর ধারায় অফিসিয়াল নির্দেশনা মানতে ব্যর্থ হওয়ার অভিযোগেও ক্লাবটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

সব মিলিয়ে রেমোর জন্য আর্থিক জরিমানা, দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন কিংবা হোম অ্যাডভান্টেজ হারানোর মতো শাস্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন