ব্যক্তিগত অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত করার অপেক্ষায় লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে আর্জেন্টাইন অধিনায়ক এখন এক অনন্য বিশ্বরেকর্ডের হাতছোঁয়া দূরত্বে। আর মাত্র একটি গোলে সহায়তা করলেই এককভাবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের (গোলে সহায়তা) নতুন রেকর্ড গড়বেন এই ফুটবল জাদুকর।
বর্তমানে বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বমঞ্চে এখন এই দুই প্রজন্মের দুই মহানায়কের নাম একই বিন্দুতে অবস্থান করছে।
এক নজরে দুই মহাতারকার অ্যাসিস্ট:
লিওনেল মেসি: ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলে করেছেন ৮টি অ্যাসিস্ট। ডিয়েগো ম্যারাডোনা: ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক তার বর্ণাঢ্য ক্যারিয়ারে করেছেন ৮টি অ্যাসিস্ট।
আধুনিক ফুটবলের তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী সংস্থা অপটা-র হিসাব অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের অ্যাসিস্টের পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত আছে। সেই আধুনিক যুগের রেকর্ড বইয়ে বর্তমানে মেসি ও ম্যারাডোনা সমান অবস্থানে রয়েছেন।
যদিও জার্মানির ফ্রিটজ ওয়াল্টার ১৯৫৪ ও ১৯৫৮ বিশ্বকাপে মোট ৯টি অ্যাসিস্ট করেছিলেন বলে কিছু তথ্য রয়েছে। তবে আধুনিক ও সুসংগঠিত রেকর্ডিং শুরুর (১৯৬৬) আগের ঘটনা হওয়ায় তা নিয়ে ফুটবল বিশ্লেষকদের মধ্যে বিতর্ক ও মতভেদ রয়েছে। ফলে বর্তমান ফুটবল বিশ্বে অফিশিয়ালি মেসি ও ম্যারাডোনাই যৌথভাবে শীর্ষস্থান দখল করে আছেন।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পেছনে মেসির অবদান ছিল অনবদ্য। সেই আসরেই তিনি ৩টি অ্যাসিস্ট করে ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসান। চলমান ২০২৬ বিশ্বকাপে তার সামনে সুযোগ রয়েছে ম্যারাডোনাকে ছাড়িয়ে এককভাবে ইতিহাসের পাতায় নাম লেখানোর। আগামীকালের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই এককভাবে শীর্ষে ওঠার সেই সুযোগটি পাবেন আর্জেন্টাইন অধিনায়ক।
ডিবিসি/এসএফএল