ময়মনসিংহ নগরের কেওয়াটখালী বাজার এলাকায় রেললাইনের পাশ থেকে মো. রবিন মিয়া (২৯) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় সংলগ্ন বায়রা গ্রামের মো. বাদল মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৫মে) সন্ধ্যায় ত্রিশালে একটি চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন রবিন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ বুধবার (৬মে) সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কেওয়াটখালী বাজার এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদল মিয়া বাদী হয়ে আজ দুপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
রবিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পরিবার। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
ডিবিসি/টিবিএ