বাংলাদেশ, জেলার সংবাদ

ময়মনসিংহে বাবার সঙ্গে দ্বন্দ্বের জেরে শিশুকে হত্যা, লাশ রাখা হয় স্ল্যাবের ভেতরে

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহের মুক্তাগাছায় বাবার ওপর প্রতিশোধ নিতে ৯ বছর বয়সী শিশু আন্দালিব সাদমান রাফিকে অপহরণের পর হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাঁশাটি ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযুক্ত নূর মুহাম্মদ খোকনের (২০) বাড়ির একটি স্যানিটারি ল্যাট্রিনের রিং স্ল্যাবের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাফি ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং মুক্তাগাছা শহরের একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আটক অভিযুক্ত খোকন একই এলাকার প্রতিবেশী এবং একজন কলেজছাত্র।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টা থেকে রাফি নিখোঁজ ছিল। ওই রাতেই পরিবারের পক্ষ থেকে মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে সন্দেহের ভিত্তিতে প্রতিবেশী নূর মুহাম্মদ খোকনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে খোকন স্বীকার করে যে, অনলাইন জুয়ার টাকা নিয়ে রাফির বাবার সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই ক্ষোভ থেকেই সে রাফিকে অপহরণ ও পরে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ল্যাট্রিনের স্ল্যাবের ভেতর লুকিয়ে রাখে।

 

নিহত শিশুর বাবা জহিরুল ইসলাম জানান, খোকন অনলাইনে জুয়া খেলত। জুয়ার টাকা উদ্ধার ও তার একটি অংশ নেওয়াকে কেন্দ্র করে খোকন তাদের ওপর ক্ষুব্ধ ছিল। সেই প্রতিশোধ নিতেই সে তার ছেলেকে হত্যা করেছে।

 

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, আটক খোকন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন