ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১৯ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ জন। এ সময় সন্দেহজনক হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ৭৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
এদিকে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ১৪ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৭০ জন। এ সময়ে মোট মৃত্যু হয়েছে ৬৫ জনের।
চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও মস্তিষ্কে প্রদাহসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তাই জ্বর, শরীরে লাল দানা, কাশি বা ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
ডিবিসি/এমএনকে