বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার রেকর্ড বরাবরই শতভাগ সফল; শেষ চারে উঠলে তারা ফাইনাল খেলবেই। এই দুর্দান্ত পরিসংখ্যানকে সঙ্গী করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এবার সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি গোল না পেলেও তার নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে দলকে প্রথমে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড এবং ৬৭ মিনিটে গোল করে সমতায় ফেরে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ সুইসদের হাতে যেতে শুরু করলেও ভিএআর পর্যালোচনায় ডাইভ দেওয়ার অপরাধে তাদের এক খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দৃশ্যপট বদলে যায়।
দশ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড লড়াই চালিয়ে গেলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে বরাবরের মতোই নিজেদের মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসের প্রমাণ দেয় স্কালোনির শিষ্যরা। অতিরিক্ত সময়ে প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের জোরালো ও দর্শনীয় এক বাঁকানো শটে গোল করে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন পুরো ম্যাচজুড়ে অক্লান্ত পরিশ্রম করা হুলিয়ান আলভারেজ। সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল আপ্রাণ চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। এরপর একটি দারুণ পাল্টা আক্রমণ থেকে থিয়াগো আলমাদার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে সহজেই লক্ষ্যভেদ করে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন লাওতারো মার্তিনেজ।
আগামী বুধবার (১৫ জুলাই) রাত একটায় ফাইনালে ওঠার লড়াইয়ে টমাস টুখেলের ইংল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি; কাকতালীয়ভাবে ওই বছরই ইংলিশদের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মেসিদের আরও বেশি সতর্ক হতে হবে, কারণ সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ জনের দলের সাথেও তাদের বোঝাপড়ার ঘাটতি এবং সুযোগ তৈরির অভাব চোখে পড়েছে। তবে চাপের মুখে নিজেদের সেরাটা বের করে আনা এবং যেকোনো পরিস্থিতিতে জয় ছিনিয়ে নেওয়ার অদম্য মানসিকতাই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সবচেয়ে বড় শক্তি, যা তাদের শিরোপা ধরে রাখার মিশনে প্রবলভাবে টিকিয়ে রেখেছে।
ডিবিসি/এফএইচআর