জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যত বাধা-বিপত্তিই আসুক না কেন, তাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে রাজধানীতে সমবেত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে, তাদের সেই পথ বন্ধ করতেই আমাদের এই কর্মসূচি।’
তিনি আরও উল্লেখ করেন, এই কর্মসূচি চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিন্ডিকেটের বিরুদ্ধে এবং যারা ৭০ শতাংশ মানুষের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এই লং মার্চ।
লং মার্চকে জনগণের কর্মসূচি হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এটি কেবল ১১ দলের লং মার্চ নয়, এটি দেশের আপামর সাধারণ মানুষের আন্দোলন। তাই সর্বস্তরের জনগণকে দলে দলে এতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যয় জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, সরকার যদি এতে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে লং মার্চের ঘোষিত ছয় দফা দাবি শেষ পর্যন্ত এক দফায় পরিণত হবে।
ডিবিসি/এমএনকে