ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে জাপান থেকে আনা একটি কনটেইনার থেকে বিলাসবহুল একাধিক গাড়ির বিচ্ছিন্ন অংশ জব্দ করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কনটেইনারটি খুলে প্রাথমিকভাবে লেক্সাস এলএক্স ৬০০ এবং বিএমডব্লিউ এম-৫ গাড়ির বিভিন্ন অংশ শনাক্ত করা হয়। এছাড়া চালানটিতে হোন্ডা বি১৮সি ইঞ্জিন ও টায়ারসহ বিপুল পরিমাণ অন্যান্য গাড়ির যন্ত্রাংশও পাওয়া গেছে।
পণ্যগুলো বন্দরে পৌঁছানোর পর প্রায় এক মাস অতিবাহিত হলেও কোনো বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। পরবর্তীতে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ এই চালানটি খালাসের পাঁয়তারা চলছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা সময়মতো অভিযান চালিয়ে চালানটি আটক করতে সক্ষম হন। গাড়িগুলোর বিভিন্ন কাটা অংশ, ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ মিলিয়ে এই চালানের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে চালানটির প্রকৃত আমদানি মূল্য, অর্থ পরিশোধ বা পেমেন্ট পদ্ধতি, সংশ্লিষ্ট বাণিজ্যিক দলিলপত্র এবং আর্থিক লেনদেনের প্রকৃতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছে শুল্ক কর্তৃপক্ষ। পুরো ঘটনার সাথে কোনো ধরনের মানি লন্ডারিং বা অর্থ পাচারের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তাও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
ডিবিসি/আরএসএল