যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ফ্যাসিস্ট সরকারের পতনে যারা যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছিলেন, মূলত তাদের সম্মানেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করবেন। ইতোমধ্যে শরিক দলগুলোর দেড় শতাধিক শীর্ষ নেতার কাছে আমন্ত্রণের কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া, এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিকদের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
ডিবিসি/পিআরএএন