বাংলাদেশ, জেলার সংবাদ

যশোরে ট্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত হেলপার

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার রায়হান গুরুতর আহত হয়েছেন। নিহত ট্রাকচালক মনোয়ার হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে কয়লাবাহী একটি ট্রাক ভাঙ্গাগেট এলাকায় আকিজ এসেনশিয়ালের কয়লা ডিপোর দিকে যাচ্ছিল। এ সময় অরক্ষিত রেলক্রসিং পার হতে গেলে মহানন্দা মেইল ট্রেন ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই চালক মনোয়ার হোসেন প্রাণ হারান। পরে স্থানীয়রা আহত হেলপার রায়হানকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

 

এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনাকবলিত রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সেখানে কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় ট্রাকচালক ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি।

 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ওই রুটে কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন