যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাহারুল মল্লিক ওই গ্রামেরই হাকিম মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রানাগাতী গ্রামের রাস্তার পাশে একটি বাগানের মধ্যে বাহারুল মল্লিকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দিলে অভয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। অভয়নগর থানার ওসি নুরুজ্জামান জানান, নিহতের চিবুক বরাবর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনার সম্ভাব্য কারণ জানতে পুলিশ নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল