যশোরের চৌগাছায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত ও অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তারনিবাস ব্রিজের নিচ থেকে থানা পুলিশ এটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তারনিবাস গ্রামের মৃত একাব্বার মন্ডলের ছেলে দকদার ফকির (৬৫) তারনিবাস ব্রিজের নিচে নিজের জমিতে কচু রোপণের কাজ করছিলেন। মাটি খোঁড়ার একপর্যায়ে তিনি মাটির নিচে ভারী একটি বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এগিয়ে এসে সেটিকে উদ্ধার করেন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি তাদের হেফাজতে নেয়।
স্থানীয় প্রবীণ ও সংশ্লিষ্টদের ধারণা, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মুখ সমরে এই মর্টারশেলটি ব্যবহৃত হয়েছিল। তবে সে সময় এটি বিস্ফোরিত না হয়েই মাটির নিচে চাপা পড়ে যায়। দীর্ঘ কয়েক দশক ধরে মাটির নিচে পড়ে থাকায় এটিতে বেশ মরিচা ধরে গেছে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন শিকদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরিচা ধরা মর্টারশেল সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এই বিষয়ে একটি জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। উদ্ধারকৃত মর্টারশেলটির ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/পিআরএএন