জেলার সংবাদ

যশোরে আলোচিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি জিতুকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার যশোর

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের বারান্দীপাড়া এলাকার আলোচিত ব্যক্তি ও একাধিক মামলার আসামি জিতুকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইল পৌঁছালে তাঁর মৃত্যু হয়। নিহত জিতু শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বুধবার রাতে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে জিতুর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

 

উদ্ধারের পর জিতুকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। কিন্তু রাতেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে নড়াইল এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয় বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

 

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

হত্যাকাণ্ডের বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল জানান, পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটির তদন্ত করছে। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের দাবি, এলাকার কয়েকজনের সঙ্গে জিতুর দীর্ঘদিনের বিরোধ ছিল এবং সেই বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের মাধ্যমেই ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন