জেলার সংবাদ

যশোরে ইমাম-খাদেমের বদলে মাসিক সম্মানীর তালিকায় জামায়াত নেতাদের নাম দেয়ার অভিযোগ

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের কেশবপুরে সরকারি উদ্যোগে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী দেওয়ার জন্য তালিকা তৈরি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট এলাকার মুসল্লি ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের প্রকৃত ইমাম মাওলানা আবদুর রহমান ও খাদেম আবদুল রাজ্জাকের পরিবর্তে মসজিদ কমিটির ক্যাশিয়ার জামায়াত নেতা তবিবুর রহমানকে ইমাম এবং গড়ভাঙ্গা ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল মুতালেব মোল্লাকে খাদেম হিসেবে তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। তিনি ঘটনাটি তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামালকে লিখিতভাবে জানান।


এলাকাবাসীর অভিযোগ, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষ তদন্ত না করে মাসুদ কামাল নিজের পছন্দ ও দলীয় ব্যক্তিদের দেওয়া পূর্বের সেই তালিকা রবিবার সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা প্রকৃত ইমাম ও খাদেম সরকারি সম্মানী থেকে বঞ্চিত হবেন।


মসজিদ কমিটির সভাপতি ইসলাম সরদার বলেন, ‘তালিকা তৈরির বিষয়টি আমাকে জানানো হয়নি। স্থানীয় জামায়াত নেতারা তাদের মতো করে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তালিকা জমা দিয়েছেন। প্রকৃত ইমাম ও খাদেমের নাম পরিবর্তন করা হয়েছে বলেও জানতে পেরেছি।’


পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। এ বিষয়ে আমার কোনো নির্দেশনা ছিল না। মসজিদ কমিটি যে তালিকা দিয়েছে, সেটিই আমি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।’


যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী বলেন, ‘প্রতি মাসে ইমামদের ৫ হাজার, মুয়াজ্জিনদের ৩ হাজার ও খাদেমদের ২ হাজার টাকা সম্মানী দেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের তালিকা চাওয়া হয়েছে। কেশবপুর উপজেলার প্রথম পর্যায়ে প্রত্যেক ইউনিয়ন থেকে ১৫টি মসজিদে কর্মরতদের তালিকা জমা দেওয়া হচ্ছে। ইউনিয়নপ্রতি ৮টি মসজিদে কর্মরতদের তালিকা ক্ষমতাসীন বিএনপি নেতারা ও ৭টি মসজিদে কর্মরতদের তালিকা সংসদ সদস্যের পক্ষ থেকে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমার পক্ষে উপজেলার ১১টি ইউনিয়নের ৭৭টি মসজিদে কর্মরতদের তালিকা জমা দেওয়ার জন্য দলের ইউনিয়নে দায়িত্বশীলদের বলা হয়েছে। গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের ইমাম ও খাদেমের বিষয়ে পাওয়া অভিযোগের তদন্ত চলছে। সঠিক সিদ্ধান্ত না পেলে মসজিদ পরিবর্তন করে দেওয়া হবে।’


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন