যশোরের ঝিকরগাছায় নিজের চিকিৎসা করাতে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে হাজির হয়েছে একটি আহত হনুমান।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ আহত প্রাণীটির চিকিৎসা প্রদান করেন। রাতে হনুমানটির চিকিৎসার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার জানান, কোনো দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করেছে। যন্ত্রণাকাতর প্রাণীটি চিকিৎসার খোঁজে প্রথমে ঝিকরগাছা থানায় এবং পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। অবশেষে দুপুরে এটি প্রাণিসম্পদ হাসপাতালে হাজির হয়।
তিনি আরও জানান, হাসপাতালে এসে হনুমানটি প্রথমে একটি টেবিলে বসে এবং পরে ফার্মেসি কক্ষে ঢুকে ওষুধের বোতল খুলে গন্ধ নেওয়ার চেষ্টা করে। তবে ড্রেসিং করার সময় প্রাণীটি অত্যন্ত শান্ত ছিল এবং কোনো বাধা দেয়নি। চিকিৎসকরা ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।
ডিবিসি/পিআরএএন