জেলার সংবাদ

যশোরে জামায়াত এমপির বাড়িতে হামলার মীমাংসা শেষে এসপির গাড়ি ঘিরে উত্তেজনা

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

বুধবার ২৯শে জুলাই ২০২৬ ১০:৪১:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোর জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিরসনে বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর উপস্থিতিতে একটি আপোষ-মীমাংসা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সভা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলা পুলিশ সুপার, সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

আলোচনা শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে উভয় পক্ষই ওই সিদ্ধান্ত মেনে নিয়ে সভাস্থল ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

তবে সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মাদ্রাসা ও অভিভাবক পক্ষের প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি জেলা পুলিশ সুপারের গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার গ্রহণের দাবি জানান।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের শান্ত থাকার আহ্বান জানান। আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ সুপারের গাড়ি নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে।

 

এ ঘটনায় কোনো ধরনের সংঘর্ষ, ভাঙচুর, হতাহতের ঘটনা বা আইন-শৃঙ্খলার অবনতির তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন