যশোরে ট্রেনের নিচে কাটা পড়ে মো. জাহিদ আব্দুল্লাহ সিফাত (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২শে নভেম্বর) ভোররাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশে সিফাতের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অতিরিক্ত ঋণের মানসিক চাপ সইতে না পেরে সিফাত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান পুলিশ।
ডিবিসি/এসএফএল