যশোরের চৌগাছা উপজেলায় জ্বালানি তেলের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বেলা একটার দিকে চৌগাছা পৌরসভার আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তেলের সিরিয়াল দেওয়া নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের সদস্য রিয়াদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের সদস্য বাবুর মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় শামীম হোসেন, কাজল ও টনি নামে তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ঘটনার পর ওই এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডিবিসি/আরএসএল