যশোরে দাদির মৃত্যুর খবর পেয়ে খুলনা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই দিনে দাদি ও নাতির মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে দাদির মৃত্যুসংবাদ শুনে যশোরের চৌগাছা উপজেলার বকশিপুর গ্রামের উদ্দেশে রওনা দেন আশরাফুল। বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই রোববার রাতে তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি খুলনায় একটি আইসক্রিম কারখানায় কাজ করতেন। তিন ভাই-বোনের মধ্যে বড় হওয়ায় সংসারের মূল দায়িত্ব ছিল তার কাঁধেই।
সোমবার দুপুর আড়াইটার দিকে জানাজা শেষে দাদির কবরের পাশেই আশরাফুলকে দাফন করা হয়। একই দিনে পরিবারের দুজনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।
ডিবিসি/আরএসএল