যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার দুপুরে সমিতির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে তা কার্যকর করা হয়েছে।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক জানিয়েছেন, যশোরের মতো একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ আদালতে গত পাঁচ মাস ধরে জেলা ও দায়রা জজের পদটি শূন্য রয়েছে। আইনজীবীদের অভিযোগ, ভারপ্রাপ্ত জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করা আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের মধ্যে বিচারিক মানসিকতার ঘাটতি রয়েছে এবং বিচারকার্যে তাদের খামখেয়ালি মনোভাব প্রতীয়মান হচ্ছে। অন্তত ২০০ জন আইনজীবীর দেওয়া লিখিত আবেদনের ভিত্তিতেই জরুরি বৈঠক ডেকে এই দুজনের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনজীবীদের দাবি, জেলা জজের পদ শূন্য থাকায় এবং ভারপ্রাপ্ত জজের পূর্ণাঙ্গ ক্ষমতা না থাকায় আপিল শুনানি ও রিট পিটিশনের মতো গুরুত্বপূর্ণ বিচারকাজগুলো বন্ধ রয়েছে। এর ফলে বিচারপ্রার্থীরা পূর্ণাঙ্গ আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং আইনজীবী ও বিচারকদের মধ্যে দূরত্ব বাড়ছে। এছাড়া ভারপ্রাপ্ত জজের আচরণ বিচারিকসুলভ নয় বলেও অভিযোগ তুলেছেন তারা।
সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর জানিয়েছেন, আদালত বর্জনের এই সিদ্ধান্তের বিষয়টি চিঠির মাধ্যমে ইতিমধ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এম এম মোর্শেদ বেশ কিছুদিন ভারপ্রাপ্ত জেলা জজের দায়িত্ব পালন করছিলেন। গত সপ্তাহে তিনি ঢাকায় বদলি হয়ে যাওয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আইরিন পারভীনকে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল।
ডিবিসি/পিআরএএন