যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির ১ নম্বর গেটের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গাড়িটি থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ৩১টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এছাড়া স্বর্ণ পাচারে ব্যবহৃত ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।
আটককৃত ব্যক্তিরা হলেন যশোর ও নড়াইল জেলার বাসিন্দা খন্দকার মাহাবুবুল হক এবং মোঃ আনিস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিল। পরবর্তীতে বেনাপোল স্থলবন্দর হয়ে এই স্বর্ণের বারগুলো ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিবিসি/টিবিএ