যশোর শহরে বিজিবির সদস্য পরিচয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে তিন প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিজিবির সরকারি পোশাক, ওয়াকিটকি, হাতকড়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলায় রবীন্দ্রনাথ রাহার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অংশ নেয়।
পুলিশ জানায়, বাড়ির মালিক, নিচতলার ভাড়াটিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাসার দরজায় কড়া নাড়লে একজন দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরের ভেতরে আরও দুজনকে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারাও নিজেদের বিজিবির সদস্য দাবি করেন। তবে পরিচয়পত্র দেখাতে না পারায় এবং তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা স্বীকার করেন, তারা বিজিবির সদস্য নন; বরং বিজিবির পোশাক ব্যবহার করে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
আটককৃতরা হলেন শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন, একই উপজেলার হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের আনারুল ইসলাম এবং তোফাজ্জেল হোসেন।
অভিযানের সময় তাদের ব্যবহৃত কক্ষ তল্লাশি করে এক সেট বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি (ওয়্যারলেস সেট), একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার সরঞ্জাম এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে পূর্বে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আটক তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবিসি/এসভিএন