বাংলাদেশ, জেলার সংবাদ

যশোরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে এক বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ানোর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথমপত্র পরীক্ষার সময় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগী পরীক্ষার্থী মোস্তফা আনজুম আবির যশোর জিলা স্কুলের শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় আবিরকে আলাদা কক্ষে পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেখানে তাকে প্রথমে ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত রচনামূলক প্রশ্নপত্র দেওয়া হয়। পরবর্তীতে তাকে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য তৈরি করা নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। ভিন্ন সিলেবাসের প্রশ্ন হওয়ায় ওই পরীক্ষার্থী সঠিকভাবে উত্তর দিতে পারেনি বলে তার পরিবার জানিয়েছে।

 

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে বুধবার সকালে বিক্ষুব্ধ অভিভাবকরা প্রথমে জিলা স্কুলে এবং পরে কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলতে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে যান। এ সময় কেন্দ্র সচিব নুরুল ইসলাম জানান, বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র মিলে ফলাফল নির্ধারিত হওয়ায় দ্বিতীয়পত্রে ভালো করলে উত্তীর্ণ হওয়া সম্ভব। একইসঙ্গে তিনি শিক্ষা বোর্ডে আবেদনের পরামর্শ দেন। তবে কেন্দ্র সচিবের এমন মন্তব্যকে দায়িত্বহীন বলে আখ্যা দিয়েছেন স্থানীয় শিক্ষকদের একাংশ।

 

ভুক্তভোগী পরীক্ষার্থীর মা এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের অবহেলায় তার সন্তান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা এর সুষ্ঠু সমাধান চান।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম জানান, বিষয়টি অবগত হওয়ার পর জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করা হয়েছে। 

 

জেলা শিক্ষা অফিসারকে পুরো ঘটনা তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন