বাংলাদেশ, জেলার সংবাদ

যশোরে ভেজাল মধু বিক্রির দায়ে ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের শেখহাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে তৈরি ভেজাল মধু খাঁটি হিসেবে বাজারজাত করার দায়ে বিসমিল্লাহ মধু ট্রেডিং-এর মালিক মাহাবুবুর ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে ভেজাল মধু তৈরি ও বিক্রির অভিযোগ ছিল, যার ভিত্তিতে র‍্যাব এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সেখানে দেখা যায়, শুধু ভেজাল মধুই নয় বরং কালোজিরা, সাদাতিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ মোড়ক উদ্ধার করা হয় এবং কাসুন্দি তৈরির জন্য গত বছরের আম সংরক্ষণ করে রাখার প্রমাণও পাওয়া যায়।

 

এই অভিযানে বিএসটিআইয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিল এবং সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রায় প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর আগেও মাহাবুবুর ইসলামের বিরুদ্ধে তিনটি মামলা ছিল। অতীতে একাধিকবার তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শুধু জরিমানা করা হলেও এবার তাকে সরাসরি কারাদণ্ড দেওয়া হলো।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন