জেলার সংবাদ

যশোরে মসজিদে আজান দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরে মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

আহত ব্যক্তিরা হলেন- ওই গ্রামের মৃত মোবারক বিশ্বাসের ছেলে গোলাম রসুল এবং আলফার বিশ্বাসের ছেলে হান্নান বিশ্বাস। এ ঘটনায় আহত গোলাম রসুল বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর গ্রামের মসজিদের মোয়াজ্জেমের সঙ্গে আলফার বিশ্বাসের আজান দেওয়ার বিষয় নিয়ে কথা হচ্ছিল। এ সময় একই এলাকার আতি মোড়ল সেখানে এসে আলফার বিশ্বাসের সঙ্গে অশোভন আচরণ করেন এবং হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এর কিছুক্ষণ পর, সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ফরিদপুর বাজারে শহর আলীর মুদি দোকানের সামনে গোলাম রসুল অবস্থান করছিলেন। তখন প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে আসে। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধলে দুজন গুরুতর আহত হন।


আহতরা অভিযোগে আরও উল্লেখ করেন, প্রতিপক্ষের মহসিন মোড়ল, সোহরাব মোড়ল, আতি মোড়ল ও আবিরসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা ও মারধর করে। এ সময় সোহরাব মোড়ল ধারালো দা দিয়ে গোলাম রসুলের মাথায় কোপ মারতে গেলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বাম হাতের কবজিতে গুরুতর জখম হয়। এ সময় গোলাম রসুলের ভাই আলফার বিশ্বাস ও ভাতিজা হান্নান বিশ্বাসকেও মারধর করা হয়। এদিকে এ সংঘর্ষের ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।


অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অমৃত লাল দাস জানান, ফরিদপুর গ্রামে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন