যশোরের মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-নাদরা সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।
স্থানীয়রা জানান, রাকিব ও মেহেদী একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।
ডিবিসি/এসএফএল