যশোরের কেশবপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। যশোর-চুকনগর সড়কের মধ্যকুল উত্তরপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস এক পথচারী নারীকে চাপা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঢুকে পড়ে।
বাসের নিচে চাপা পড়ে রোকেয়া বেগম (৪৫) নামে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। নিহত রোকেয়া বেগম ওই এলাকার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যশোরগামী একটি খালি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে হেঁটে চলা রোকেয়া বেগমকে চাপা দেয়। এরপর বাসটি রাস্তার ডান পাশে থাকা মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভবনের সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে যায়।
দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান। তবে বাসের হেলপার মানিক ফকির (৪২) ডান পায়ে আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার পরিচালক হাফেজ গোলাম মোস্তফা জানান, ফজরের নামাজের পর ওই নারী হাঁটতে বের হয়েছিলেন। বাসটি মাদ্রাসায় ঢুকে পড়ায় ভবনের সামনের অংশের বেশ ক্ষতি হয়েছে। তবে সে সময় মাদ্রাসার ভেতরে তারা ১০-১২ জন থাকলেও তাদের কোনো ক্ষতি হয়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিসি/এমএনকে