যশোরের মনিরামপুর উপজেলায় ধানখেতে জমে থাকা পানিতে শাপলা তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ওই দুই শিশু হলো হাজরাকাঠি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৬) এবং মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন এবং দুজনেই স্থানীয় হাজরাকাঠি মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিল। ইয়াসমিন প্রথম শ্রেণিতে এবং জিসান চতুর্থ শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা যায়, পারখাজুরা বাঁওড়ের আগাড়ে হাজরাকাঠি দাসপাড়া মোড়সংলগ্ন একটি ধানখেতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানে পানির উচ্চতা ছিল কয়েক ফুট এবং প্রাকৃতিকভাবে বেশ কিছু শাপলা জন্মেছিল। শনিবার বেলা ১১টার দিকে পাড়ার ৫-৬ জন শিশু মিলে সেখানে শাপলা তুলতে নামে।
মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের হাজরাকাঠি ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, শাপলা তোলার একপর্যায়ে শিশু ইয়াসমিন গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যায় জিসান। কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনেই পানিতে ডুবে যায় এবং আর উঠে আসতে পারেনি।
পরবর্তীতে স্বজনেরা ইয়াসমিনকে উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম জানান, শিশু ইয়াসমিনকে হাসপাতালে মৃত অবস্থাতেই আনা হয়েছিল। অন্যদিকে ঘটনাস্থলের পানিতে ডুবেই মৃত্যু হয় শিশু জিসানের।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিসি/পিআরএএন