যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকায় কপোতাক্ষ নদের ওপর নির্মিত সাগরদাঁড়ি-সারসা সংযোগকারী কাঠ ও বাঁশের সাঁকো প্রবল স্রোতের বেগে ভেঙে গেছে।
শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ভারী বৃষ্টির কারণে নদীতে সৃষ্ট তীব্র স্রোতের চাপ সহ্য করতে না পেরে প্রায় ১৮০ ফুট দীর্ঘ সাঁকোটি ভেঙে যায়। এতে দুই পাড়ের হাজারো মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বর্তমানে প্রায় ২০ গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি, কোমরপোল, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর ও রেজাকাটিসহ আশপাশের গ্রামের বাসিন্দারা এবং সাতক্ষীরার তালা উপজেলার সারসা, সরুলিয়া, সেনেরগাতি, ধানদিয়াসহ কয়েকটি গ্রামের মানুষ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় কাজে প্রতিদিন এই সাঁকো ব্যবহার করতেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় এখন জীবনের ঝুঁকি নিয়ে তাদের নৌকায় পারাপার হতে হচ্ছে।
সাগরদাঁড়ি কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী আব্দুল মালেক জানান, প্রতিদিন ওপার থেকে অনেক ক্রেতা ও কৃষক বাজারে আসেন। সাঁকো ভেঙে যাওয়ায় ক্রেতা কমে গেছে এবং মালামাল আনতেও সমস্যা হচ্ছে। এতে তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে।
সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দাস বলেন, সাঁকোটি ভেঙে যাওয়ায় নদের ওপারের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় পার হয়ে তাদের বিদ্যালয়ে আসতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্থানে একটি স্থায়ী সেতুর দাবি জানানো হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। তাই বর্তমান জনদুর্ভোগ দূর করতে দ্রুত কপোতাক্ষ নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ডিবিসি/আরএসএল