যশোরের বাঘারপাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার মহাসড়কের পাশের গাছে ধাক্কা দিলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ওই গাড়িতে থাকা একই পরিবারের তিনজন বাবা, ছেলে ও নাতনি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও তিনজন। গতকাল (২৩ মার্চ) সোমবার দিবাগত রাত তিনটার দিকে যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়কের গাইদঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আবদুল মজিদ সরদার, তাঁর ছেলে মাহমুদ হাসান জাকারিয়া এবং চার বছর বয়সী নাতনি সেহেরিশ। দুর্ঘটনায় আহত হয়েছেন আবদুল মজিদ সরদারের স্ত্রী মনোয়ারা বেগম, পুত্রবধূ সাবরিনা জাহান এবং নাতি সামিন আলমাস। উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আবদুল মজিদ সরদার স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও দুই নাতি-নাতনিকে নিয়ে প্রাইভেট কারে করে চুয়াডাঙ্গায় এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে রাতেই তাঁরা যশোরের মনিরামপুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। রাত তিনটার দিকে তাঁদের বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মজিদ সরদার ও তাঁর ছেলে মাহমুদ হাসান মারা যান। পরে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশু সেহেরিশেরও মৃত্যু হয়।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
ডিবিসি/পিআরএএন