যশোরে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আবদুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সিরাজুল ইসলাম রিপন জেলার শার্শা উপজেলার বাদে নাভারণ এলাকার নজরুলের ছেলে। বর্তমানে তিনি তালতলা, বুরুজবাগান এলাকায় আবদুল মালেকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যশোর জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ডিবিসি/এসভিএন